প্রকাশিত: ১৭:৫২, ২৬ এপ্রিল ২০২৬ আপডেট: ১৮:০০, ২৬ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর শেষ করে এবং রাশিয়া যাওয়ার আগে আবারো পাকিস্তান সফর করবেন। রবিবার (২৬ এপ্রিল) ইরানের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধ শেষ করার সাথে সম্পর্কিত বিষয়ে দিকনির্দেশনা চাইতে ইসলামাবাদে আলোচনার পর আরাঘচির প্রতিনিধিদলের একটি অংশ তেহরানে ফিরেছে। রবিবার রাতে ইসলামাবাদে আরাঘচির সাথে পুনরায় তারা যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ করার জন্য যেকোনো সমঝোতার কাঠামোর বিষয়ে ইরানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি’ জানাতে আবারো পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আইএসএনএ-র তথ্যমতে, মন্ত্রী শনিবার ইসলামাবাদে ছিলেন, এরপর তিনি ওমানে যান। অন্যদিকে, ইরানের অন্যান্য প্রতিনিধিরা ‘যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণের জন্য’ তেহরানে ফিরে গেছেন।
আরাঘচি শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে অবতরণ করেন। এই নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একজন প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। শুক্রবার থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন আরাঘচি। তবে তিনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক না করেই পাকিস্তান ছেড়ে যান।
ঢাকা/শাহেদ
Voice24 Admin 







