নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৩, ২৯ এপ্রিল ২০২৬
যশোরে কৃত্রিম মধু তৈরির কারখানার সন্ধান মিলেছে।
যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে র্যাব। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও, কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।
পরে সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুর ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। অভিযানে বিএসটিআই’র প্রতিনিধিরাও অংশ নেয়।
প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এবার সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা/রিটন/বকুল
Voice24 Admin 







