টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৮, ৩০ এপ্রিল ২০২৬
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতাল ভবনের ১০ তলায় মেডিসিন ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সদর উপজেলার নন্দবালা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. বুলবুল আহম্মেদ জানান, বুধবার (২৯ এপ্রিল) মিজানুর রহমান শ্বাসকষ্ট, ডায়াবেটিস রোগ নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি হন। বেড ফাঁকা না থাকায় লিফটের সামনে বিছানা পেতে তাকে চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, আজ দুপুরে শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। তখন অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে চোখের পাশে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
ঢাকা/কাওছার/বকুল
Voice24 Admin 







