‘আমি একসময় নিয়মিত নেশা করতাম। মাদকাসক্ত ছেলেদের সঙ্গে চলাফেরা করতাম। সে সময় হাটে–বাজারে লোকজনের মধ্যে বসলে লোকজন আমার পাশ থেকে উঠে যেত। আমার দিকে কেমন করে যেন তাকাত। কিছুদিন এ অবস্থা চলার পর আমি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করি। সুস্থ হয়ে উঠি। এখন সেই মানুষগুলো আমার পাশে বসে, সম্মান করে।’
শুক্রবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ওবাইদুল ইসলাম (৪৫)।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেয় নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাওহিদ আহম্মদ ও তাহমিদ রহমান। তারা আবেগঘন কণ্ঠে মাদকমুক্ত সমাজ গঠনের অনুরোধ করে। তাওহিদ আহম্মদ বলে, ‘মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে আগে নিজ নিজ পরিবারকে উদ্যোগ নিতে হবে। আমাদের বাবা, মা, ভাই, বোন যদি মাদকাসক্ত না হন তাহলে মাদকের সঙ্গে আমাদের পরিচয় হবে না। আমরা সুস্থ থাকতে পারব।’
তাহমিদ রহমান বলে, ‘পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকেও মাদকমুক্ত হতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আলোচনা সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘মাদকের চাহিদা থেকে মাদক ব্যবসা গড়ে ওঠে। তাই আমাদের মাদকের চাহিদা শূন্যের কোঠায় আনতে হবে। তাহলে এমনিতেই সমাজ মাদকমুক্ত হবে। তবে মাদকের চাহিদা শূন্যের কোঠায় নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সফলতা আনতে হলে পরিবার থেকে শুরু করতে হবে। প্রত্যেকের পরিবার মাদকমুক্ত হলে সমাজ মাদকমুক্ত হবে।’
সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, সাংবাদিক মুক্তার হোসেন, শহিদুল ইসলাম, নাসিম উদ্দিন ও কামাল হোসেন।
এর আগে মূল প্রবন্ধ পাঠ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিচালক রীফা রাওনাক নীতু। আলোচনা শেষে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা ও খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Voice24 Admin 

