রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা বিএনপি চেয়ারম্যান তারেক রহমনের নেতৃত্বে বাংলাদেশে নব-নির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সোমবার রাতে ঢাকায় আসছেন।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করা এবং সহযোগিতার বন্ধন গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’
মন্ত্রী শর্মা কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরের সময় তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।
এর আগে শুক্রবার, নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার নির্বাচনি জয়ে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, “বাংলাদেশে ১৩তম সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। বিশেষভাবে তারেক রহমানকে বিএনপি নেতৃত্বে অসাধারণ জয় পাওয়ায় শুভেচ্ছা জানাই।”
প্রধানমন্ত্রী যোগ করেন, “আমি আশা করি আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতিবেশীসুলভ সম্পর্ক আরো দৃঢ় করব এবং উভয় পক্ষের স্বার্থে সহযোগিতা জোরদার করব।” খবর বাসসের।
ঢাকা/সাইফ
Voice24 Admin 



