প্রকাশিত: ২৩:০০, ৮ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৮ মার্চ) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি রাঙামাটির জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিপ্যাড) ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ পান আবদুল্লাহ আল মামুন। তবে তিনি কোনো পূর্বানুমতি বা অবহিতকরণ ছাড়াই দায়িত্ব পালনে অনুপস্থিত থাকেন।
এটি নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ (সংশোধিত)-এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে। এ কারণে একই আইনের ধারা ৫(৩) অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
একই সঙ্গে অভিযোগের বিষয়টি জানিয়ে তার নিয়োগকারী কর্তৃপক্ষকে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ (সংশোধিত)-এর ধারা ৫(১) ও ৫(২) অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/এমএসবি/রাসেল
Voice24 Admin 











