অবশেষে অপেক্ষার অবসান। শনিবার দিবাগত রাতে নাটকীয় ফাইনালে রিয়াল সোসিয়েদাদ টাইব্রেকারে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। জিতে নিয়েছে কোপা দেল রে শিরোপা। ৬ বছরের শিরোপা খরা ভেঙে আসা এই জয়ের পর কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জো স্পষ্ট করে দিয়েছেন- এটা তাদের যাত্রার শেষ নয়, বরং শুরু।
সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। নির্ধারিত সময় শেষে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় সোসিয়েদাদ। ম্যাচের শুরুতেই ঝড় তোলে তারা। মাত্র ১৪ সেকেন্ডে গোল করে বসেন আন্ডার বারেনেতচেয়া, যা কোপা দেল রে ফাইনালের ইতিহাসে দ্রুততম গোল। পরে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। তবে দুবারই সমতায় ফেরে অ্যাটলেটিকো-আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেজের গোলে।
শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন গোলরক্ষক উনাই মার্রেরো। টাইব্রেকারে তিনি ঠেকিয়ে দেন আলেক্সান্ডার সোরলথ ও আলভারেজের শট, হয়ে ওঠেন ম্যাচের নায়ক।
ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাতারাজ্জো দলটিকে নতুন রূপ দিয়েছেন। তার অধীনে লা লিগায় ১৪ ম্যাচে ৭ জয়, ৪ ড্র ও ৩ হার- জয়ের হার ৫০%, যা একাধিক ম্যাচে দল পরিচালনা করা কোচদের মধ্যে সর্বোচ্চ। শিরোপা জয়ের পর তার কণ্ঠে আত্মবিশ্বাস, “আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে। তারা আজ দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে অসাধারণ খেলেছে। আমি খুব খুশি, তবে মনে হচ্ছে- এটা কেবল শুরু।”
পরিসংখ্যান বলছে, ম্যাচে ১৯টি শট নেয় অ্যাটলেটিকো, সোসিয়েদাদের ছিল ১৫টি। প্রত্যাশিত গোলের হিসাবেও এগিয়ে ছিল অ্যাটলেটিকো- ১.৯৬ বনাম ১.৬২। তবুও গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
মাতারাজ্জো বলেন, “মার্রেরো নিখুঁত ম্যাচ খেলেছে। তার এনার্জি আমাকে মুগ্ধ করে। সে যে দুটি পেনাল্টি ঠেকিয়েছে, সেটা মোটেও কাকতালীয় নয়।” একই সঙ্গে দলীয় পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট তিনি, “আমরা ঝুঁকি না নিয়ে খেলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। ডিফেন্সিভভাবে ভালো ছিলাম। দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ নিতে হয়েছে। কিন্তু এটাই আমাদের চরিত্র।”
টাইব্রেকারে নিখুঁত শট নেওয়ার জন্য পাবলো মারিনের প্রশংসাও করেন তিনি, “ওই মুহূর্তেই আমরা বুঝেছিলাম আমরা পেরেছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত বিশ্বাসই হচ্ছিল না। এটা অবিশ্বাস্য অনুভূতি।”
শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মাতারাজ্জো বলেন, “শেষ কয়েকদিন ও আজকের অভিজ্ঞতা অসাধারণ। সমর্থকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
Voice24 Admin 









