ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত সমাধান না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেছেন, “বারবার আপত্তি জানানোর পরও সিট বরাদ্দ নীতিমালা লঙ্ঘন করে যুবদল ও ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৬ জন শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় আবাসিক সিট দেওয়া হয়েছে।”
সোমবার (২০ এপ্রিল) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সিট সংকট, প্রশাসনিক অসঙ্গতি এবং শিক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ডাকসু। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ফরহাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যেসব শিক্ষার্থীকে আবাসিক সিট দেওয়া সম্ভব নয়, তাদের জন্য আবাসিক বৃত্তির ব্যবস্থা করার দাবি আগেই জানানো হয়েছিল। সে সময় প্রশাসনের পক্ষ থেকে ধাপে ধাপে সব শিক্ষার্থীকে এর আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সিট বরাদ্দ নিশ্চিত না করেই ক্লাস শুরু করা হয়েছে।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা কোথায় থাকবে বা কীভাবে জীবনযাপন করবে, এ বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিদিন শিক্ষার্থী ও অভিভাবকেরা ডাকসুতে এসে তাদের দুর্ভোগের কথা জানাচ্ছেন। প্রায় পাঁচ মাস ধরে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। হল প্রভোস্ট, হল সংসদের ভিপি-জিএস এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিকেও বিষয়টি জানানো হয়েছে।”
সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, “শুরুতে নীতিমালা অনুযায়ী সিট দেওয়া হয়েছে বলে জানানো হলেও পরে ‘বিশেষ বরাদ্দ’ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়, যা তার মতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
ডাকসুর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিট বরাদ্দ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে এবং যেসব শিক্ষার্থী আবাসন পাচ্ছেন না, তাদের জন্য দ্রুত বৃত্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় চলমান শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তি ও মানসিক চাপ সৃষ্টি করবে বলে সতর্ক করেন তিনি।
উপাচার্যের সঙ্গে বৈঠকের বিষয়ে ফরহাদ জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কত সিট খালি রয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।
এ সময় ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়েরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Voice24 Admin 








