মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৯, ২০ এপ্রিল ২০২৬
মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া ট্রাক, নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ১৩ এপ্রিল রাতে উপজেলার নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ৭৫ ব্যারেল পাম অয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ট্রাকচালক ইসরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঝিনাইদহের উদ্দেশে রওনা হন। নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় ডাকাতদের হামলায় চালক ও হেলপারের আহত হন। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযান শুরু হয়। পুলিশ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও, নরসিংদী ও কুমিল্লায় অভিযান চালায়। পরে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। অভিযানে লুট হওয়া ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি টিয়ার গ্যাস, একটি ব্যাটন ও একটি হেলমেট উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের বলেন, “ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামাল ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/বেলাল/রাজীব
Voice24 Admin 








