নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৭, ২৪ এপ্রিল ২০২৬ আপডেট: ১৭:৫৯, ২৪ এপ্রিল ২০২৬
নাটোরের লালপুর উপজেলার গোধড়া বাজার এলাকায় শুক্রবার দুপুরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুটি পক্ষ।
নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোধড়া বাজার এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দোহা পক্ষের লোকজনের সঙ্গে লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর পক্ষের লোকজনের সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দোহার সঙ্গে লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে দোহার সমর্থক হাসান নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে মজনুকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। বুধবার রাতে স্থানীয় বাজারে এ বিষয়টি নিয়ে মজনু হাসানকে জিজ্ঞাসাবাদ করেন। হাসান ভিডিওটি মিথ্যা বলে স্বীকারোক্তি দেন বলে জানা যায়।
বৃহস্পতিবার হাসান লালপুর থানায় অভিযোগ করেন যে, তাকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ ফিরে যাওয়ার পরই দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কথা কাটাকাটি হয়। শুক্রবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গুনাইহাটি এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধরা নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করে এবং মজনু পাটোয়ারীর চাচাতো ভাই মোমিন পাটোয়ারীর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
লালপুর উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপু বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা চাই, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়।”
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ
Voice24 Admin 






