বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। মাঠের এই অবিস্মরণীয় সাফল্য এবার ছুঁয়ে গেছে প্রযুক্তির দুনিয়াকেও। আর্জেন্টিনার অধিনায়কের এই ঐতিহাসিক কীর্তি উদ্যাপন করতে গুগল তাদের সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে একটি বিশেষ অ্যানিমেশন।
বর্তমানে গুগল সার্চ বারে বাংলা বা ইংরেজিতে ‘লিওনেল মেসি’ বা ‘মেসি’ লিখে সার্চ করলেই স্মার্টফোন বা কম্পিউটারের পর্দায় ভেসে উঠছে মেসির ছবিসহ আর্জেন্টিনা দলের আকাশি-সাদা রঙের ফুটবল ও আতশবাজির দৃশ্য। ফুটবলটি নিচ থেকে ওপরে উঠে মিলিয়ে যাওয়ার পর সার্চ পেজের নিচের দিকে একটি বিশেষ আতশবাজি আইকন দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করলে আবারও পুরো স্ক্রিনজুড়ে আকাশি-সাদা আলোর জমকালো আতশবাজি জ্বলে উঠছে।
গতকাল সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের ৩৮ মিনিটে গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন মেসি। পরবর্তী সময়ে ম্যাচে আরও একটি গোল করায় বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। ১৬ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা এবং যৌথভাবে তাঁর সঙ্গে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
Voice24 Admin 

