মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:২৫, ২২ মে ২০২৬ আপডেট: ১৭:৪৩, ২২ মে ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। তবে, তার বাবা হান্নান মোল্লা প্রথমে আক্ষেপ করে মেয়ে হত্যার ‘বিচার চাই না’ বললেও এবার দ্রুত বিচার দাবি করেছেন।
শুক্রবার (২২ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামে মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।
এ সময় পরিবারের পাশে দাঁড়ানোয় এবং বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে রামিসা হত্যার বিচারের আক্ষেপ নিয়ে গণমাধ্যমকর্মীদের হান্নান মোল্লা বলেছিলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা/রতন/রাজীব
Voice24 Admin 


